আনোয়ারায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শুরু হয়েছে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

রবিবার (১৯ এপ্রিল) সকালে আনোয়ারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে এক বর্ণাঢ্য পরিবেশে মেলার সূচনা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সিনিয়র ও জুনিয়র—এই দুই বিভাগে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করছে। মোট ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১২টি স্টলের মাধ্যমে নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব উদ্ভাবন, রোবোটিক্স, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি, কৃষিভিত্তিক সমাধানসহ নানা সৃজনশীল প্রকল্প তুলে ধরছে। তাদের এসব উদ্ভাবনী প্রচেষ্টা ভবিষ্যৎ বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে উঠতে উৎসাহিত করেন এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের এখন থেকেই বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে এবং সৃজনশীল চিন্তাধারার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। এ ধরনের বিজ্ঞান মেলা তাদের মেধা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ শিক্ষার্থীরাই দেশকে প্রযুক্তিনির্ভর উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।”